• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিশ্বকাপকে সামনে রেখে নান্নুর পরামর্শ 

admin
আপডেটঃ : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলকে আরও বাস্তবমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রস্তুতির পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া সিরিজের পর বর্তমানে বিশ্রামে রয়েছে বাংলাদেশ দল। তবে আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় এই সময় নতুন কোনো সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা সেপ্টেম্বরে বসছে এশিয়া কাপের আসর, যা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এই বড় টুর্নামেন্টকে সামনে রেখে দলকে সঠিকভাবে প্রস্তুত করতেই চায় বিসিবি। আন্তর্জাতিক সিরিজ না থাকলেও লম্বা সময়ের ক্যাম্প আয়োজনের কথা ভাবা হচ্ছে।

রোববার (২৭ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, আমি মনে করি, সবচেয়ে ভালো দল সবসময় খেলবে এবং সবচেয়ে ভালো ফলাফল নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার।

বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটিকেও গুরুত্ব দিয়ে দেখছেন নান্নু। তার মতে, কোন কন্ডিশনে খেললে কীভাবে খেলোয়াড়রা কতটুকু এগোবে সেটা টিম ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়া উচিত হবে।

টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্য পেতে বিকল্প খেলোয়াড় তৈরি রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধান নির্বাচক। তিনি বলেন, যেকোনো দেশের যেকোনো দলের জন্য অন্তত ২৫ জন খেলোয়াড় সবসময় তৈরি করে রাখতে হয়। নির্বাচক প্যানেলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ২৫টা খেলোয়াড়কে প্রস্তুত না করলে এই ফরম্যাটে হয় না… কারণ সবার থেকে সবসময় একই পারফরম্যান্স পাওয়া যাবে না। সেই সময় তৈরি রাখা খেলোয়াড়দের মধ্যে দলে ইন-আউট করতে হয়।

বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি ও নির্বাচক প্যানেল যে অনেক আগে থেকেই পরিকল্পনা শুরু করেছে, তা নান্নুর বক্তব্যেই স্পষ্ট। এখন দেখার বিষয়, এসব পরিকল্পনা মাঠে কতটা বাস্তবায়ন হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ