অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ দেশের পুঁজিবাজারে শরিয়াহভিত্তিক ও নৈতিক বিনিয়োগের সুযোগ বাড়াতে নতুন মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ‘সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড’ নামের এই ওপেন-এন্ড ফান্ডটির প্রাথমিক আকার ২৫ কোটি টাকা। সুদবিহীন, স্বচ্ছ এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল মুনাফা নিশ্চিত করাই এই ফান্ডের মূল লক্ষ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফান্ডটির বিভিন্ন দিক ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম।
মন্দা বাজারেই বিনিয়োগের সেরা সুযোগ
দীর্ঘদিন ধরে শেয়ার বাজার নিম্নমুখী বা মন্দা অবস্থায় রয়েছে। এমন সময়ে নতুন ফান্ড আনার যৌক্তিকতা প্রসঙ্গে মীর আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের অভিজ্ঞতায়, সেরা পোর্টফোলিও সবসময় খারাপ বাজারেই তৈরি হয়। বর্তমানে অনেক ভালো কোম্পানির শেয়ার তাদের প্রকৃত মূল্যের অনেক নিচে লেনদেন হচ্ছে। এই সময়ে বিনিয়োগ করা মানে ‘লো প্রাইস এন্ট্রি’ এবং ‘হাই মার্জিন অব সেফটি’। যারা এখন ধৈর্য ধরে বিনিয়োগ করবেন, পরবর্তী বাজার সাইকেলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবেন।’
বিনিয়োগ কৌশল ও ঝুঁকি ব্যবস্থাপনা
বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে এবং নিয়মিত আয় নিশ্চিত করতে ফান্ডটির একটি সুনির্দিষ্ট অ্যাসেট অ্যালোকেশন বা সম্পদ বণ্টন কাঠামো রয়েছে। মীর আরিফুল জানান, তারল্য নিশ্চিত করতে ফান্ডের সর্বোচ্চ ২০ শতাংশ শরিয়াহসম্মত মানি মার্কেটে এবং স্থিতিশীল আয়ের জন্য সর্বোচ্চ ৪০ শতাংশ বাংলাদেশ সরকার ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)-এ বিনিয়োগ করা হবে। বাকি অংশ দীর্ঘমেয়াদি মূলধন বৃদ্ধির লক্ষ্যে মৌলভিত্তি সম্পন্ন শরিয়াহসম্মত শেয়ারে বিনিয়োগ করা হবে।
শক্তিশালী শরিয়াহ বোর্ড ও স্বচ্ছতা
ফান্ডটি শতভাগ শরিয়াহ নীতিমালা মেনে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিতে একটি উচ্চপর্যায়ের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. এইচ. এম মোশারফ হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্সের ড. কে. এম. জাকির হোসেন সেলিম এবং আইআইইউসি-এর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রতিষ্ঠানটির এমডি জানান, তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট টিমের অধিকাংশ সদস্যই ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সে উচ্চতর ডিগ্রিধারী। ফলে দৈনন্দিন বিনিয়োগ সিদ্ধান্তে শরিয়াহর পরিপালন কঠোরভাবে মানা হয়।
ইসলামিক ব্যাংকিংয়ের পরিপূরক
মীর আরিফুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকের একীভূতকরণ এবং ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমে সংস্কারের ফলে অনেক সঞ্চয়কারী এখন ব্যাংকের পাশাপাশি বিকল্প বিনিয়োগের খোঁজ করছেন। সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড তাদের জন্য একটি নিরাপদ ও কাঠামোজাত সমাধান। এটি শুধু আমানতকারীদের জন্য নয়, বরং যারা ধর্মীয় মূল্যবোধ ঠিক রেখে পুঁজিবাজার থেকে মুনাফা করতে চান, তাদের জন্যও একটি আদর্শ মাধ্যম।
অতীত সাফল্য ও ব্যবস্থাপনা
উল্লেখ্য, ২০২২ সালে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট তাদের প্রথম ফিক্সড ইনকাম ফান্ড চালু করে, যা বর্তমানে ১১০ কোটি টাকার বেশি সম্পদের (AUM) মালিক। গত তিন বছরে ফান্ডটি প্রায় ৯ শতাংশ সিএজিআর (CAGR) রিটার্ন দিয়েছে এবং ২০২৫ সালে ১৩.৫ শতাংশ রিটার্ন অর্জনের লক্ষ্যমাত্রা রয়েছে।
ফান্ডটির কাস্টডিয়ান হিসেবে রয়েছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এবং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে মীর আরিফুল ইসলাম বলেন, ‘নৈতিক বিনিয়োগ শুধু ধর্মীয়ভাবেই সঠিক নয়, এটি অর্থনৈতিকভাবেও স্মার্ট সিদ্ধান্ত। যারা ধৈর্যশীল এবং দীর্ঘমেয়াদি সুফল চান, তাদের জন্য এই ফান্ডটি একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম।’
![]()