• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ঈদের টানা ১০ দিন ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত 

admin
আপডেটঃ : রবিবার, ১৫ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের দীর্ঘ ছুটির পর আজ রোববার খুলছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারসহ সব ধরনের অফিস। একইসঙ্গে আদালতের কার্যক্রমও স্বাভাবিক নিয়মে শুরু হবে।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের আগে ৪ জুন (মঙ্গলবার) ছিল শেষ কর্মদিবস। এরপর ৫ জুন (বুধবার) থেকে ঈদের ছুটি শুরু হয়। ৭ জুন সারাদেশে পালিত হয় ঈদুল আজহা।

প্রথমে সরকার ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের ঈদ ছুটি ঘোষণা করেছিল। পরে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) অতিরিক্ত দুই দিন ছুটি বাড়ানো হয়। ফলে মোট ছুটি দাঁড়ায় ১০ দিনে, যা শেষ হয়েছে ১৪ জুন (শনিবার)।

এবারের ঈদের ছুটি যাতে একটানা দেওয়া যায়, সেজন্য পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে গত ১৭ মে ও ২৪ মে (শনিবার) অফিস খোলা ছিল। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টা পূরণ হয়েছে, ফলে ছুটি উপভোগে কোনো বাধা ছিল না।

এদিকে ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত অনেক মানুষকে গ্রাম থেকে রাজধানীতে ফিরতে দেখা গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা বাসগুলোর বেশ চাপ টার্মিনালগুলোতে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে শনিবার বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও উল্লেখযোগ্য ভোগান্তির চিত্র দেখা যায়নি। তবে ঢাকায় সড়কে গত কয়েকদিনের তুলনায় আজ গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে।

শনিবার সারাদিন যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকার বিভিন্ন বাস স্টপেজে যাত্রীদের নামিয়ে বাসগুলো আবার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় বাস কোম্পানিগুলোর বাসের আধিক্য দেখা যায়। সঙ্গে লোকাল বাসে করেও আসছেন অনেক যাত্রী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ