• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ইতিহাসের সুন্দরতম নির্বাচন উপহার দেবো : ড. ইউনূস

admin
আপডেটঃ : বুধবার, ১১ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে ইতিহাসের সবচেয়ে সুন্দরতম নির্বাচনটি উপহার দেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ জুন) লন্ডনে চ্যাথাম হাউজে ‘এক নীতি সংলাপে’ মূল বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা জানান। চ্যাথাম হাউসের মূল হল কক্ষে অনুষ্ঠিত এ সংলাপে ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েটিজ বাজপাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. ইউনূস।

তার আগে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন। লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

চার দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, তাঁর এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

দেশে ফেরার আগে শুক্রবার (১৩ জুন) ড. ইউনূস লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক করবেন। এখন দেশের রাজনীতি-সচেতন সবার দৃষ্টি লন্ডনের এই বৈঠকের দিকে। বৈঠকে ভোটের দিনক্ষণ, সংস্কার, জুলাই সনদসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কী বোঝাপড়া হয়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

এই বৈঠককে ‘মেজর পলিটিক্যাল ইভেন্ট’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, এই সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখবে। ব্যক্তিগতভাবে মনে করি, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে।’

প্রসঙ্গত, ২০০৮ সালে কারামুক্তির পর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর আর দেশে ফেরেননি। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক মামলায় তিনি খালাস পেতে শুরু করেন। সবশেষ গত ২৮ মে দুর্নীতি দমন কমিশনের মামলায় স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে তারেক রহমান খালাস পান। এর আগে গত ৬ মে জুবাইদা রহমান দেশে ফিরলেও তারেক রহমান এখনও লন্ডনেই রয়েছেন।

বিএনপি দাবি করে আসছে, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। তবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী এপ্রিলের প্রথমার্ধে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, ‘এই ব্যাপারে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা আশা করছি, সরকার বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করবে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ