• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী মেঘনা লাইফের পলিসিহোল্ডারদের জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জাসায়াতে ইসলামীর ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ লাল পাসপোর্ট জমা দিয়েছেন ড. ইউনূসসহ বিদায়ী সরকারের উপদেষ্টারা সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র রমজানের শুরুতেই চড়া নিত্যপণ্যের বাজার বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টল ভাড়া শতভাগ মওকুফ অবশেষে ৯ জেলায় খুললো আ’ লীগের কার্যালয় শুরু হলো সংযমের মাস পবিত্র রমজান

অবশেষে ৯ জেলায় খুললো আ’ লীগের কার্যালয়

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ প্রায় ১৮ মাস পর নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী চট্টগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুরে উপস্থিতি জানান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গতকাল বুধবার এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটে।
গত সোমবার চার জেলা এবং গত রোববার ছয় জেলায় নেতাকর্মীরা উপস্থিতি জানান দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় এসব কার্যালয় ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়।

কোথাও কোথাও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংক্ষিপ্ত সমাবেশও করা হয়। তবে কর্মসূচি পালনের পরপরই পুলিশ কয়েকজনকে আটক করেছে। হবিগঞ্জে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়েছেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। গতকাল সকাল ৮টার দিকে মাইজদীর টাউন হল মোড়ে এ ঘটনা ঘটে। জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বরগুনা জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। গত বুধবার সকালে শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

কুড়িগ্রামে ১৮ মাস পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টানানো হয়েছে। গতকাল সকালে জেলা শহরের শাপলা চত্বরসংলগ্ন আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা বলেন, ‘ঘটনা জানার পর পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেটে জেলা ও মহানগর কার্যালয়ের সামনে গতকাল দুপুর ২টায় দলীয় স্লোগান দিয়েছেন পাঁচ কর্মী। ঘটনার ভিডিও ধারণ করেছেন স্থানীয় সাংবাদিকরা। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ কর্মীরা মহানগর দলীয় কার্যালয়ে ব্যানার টানাচ্ছেন। তারা স্লোগান দেন। এই দলটির নেতৃত্ব দেন মহানগর ছাত্রলীগের সাবেক মানব ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ সাদিম আহমেদ।

শরীয়তপুরে স্লোগান দিয়ে জেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় শরীয়তপুর পালং বাজারে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টানানো হয়। গত বুধবার ভোরে কার্যালয়টি খুলে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। এ ঘটনার প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানতে চাইলে পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

হবিগঞ্জ জেলা কার্যালয় খোলার কয়েক ঘণ্টা পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সকালে শহরের টাউন হল এলাকায় জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে দুপুরে হঠাৎ করে ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আগুন লাগার বিষয়টি তাদের জানা নেই।

রাজবাড়ী জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। ক’টি ব্যানার ঝুলতে দেখা গেছে। ব্যানারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি সংযুক্ত রয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে আওয়ামী লীগ। বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা অর্ধশতাধিক নেতাকর্মী কার্যালয়ে সমবেত হন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক বলেন, ওই পাঁচজনকে এর আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পরিচিতি ফলক লাগানো হয়েছে। নগরের নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে এ ঘটনা ঘটে। গতকাল নতুন ফলক লাগানোর দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, পুলিশ গিয়ে কাউকে পায়নি। সূত্র, সমকাল

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ