জাতীয় ডেস্ক রিপোর্টঃ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যেই নিজেদের কূটনৈতিক (লাল) পাসপোর্ট জমা দিয়েছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অধিকাংশ উপদেষ্টা। সরকারের মেয়াদকালেই, ক্ষমতা ছাড়ার ঠিক এক সপ্তাহ আগে ড. ইউনূস তার পাসপোর্টটি হস্তান্তর করেন।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও ওই সরকারের উপদেষ্টা এবং উপদেষ্টা পদমর্যাদার প্রায় ২০ জন ব্যক্তি ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। এদের মধ্যে অধিকাংশই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পাসপোর্ট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা এখনো তাদের লাল পাসপোর্ট জমা দেননি।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, কূটনৈতিক পাসপোর্ট সাধারণত সরকারের মেয়াদের সঙ্গে আরও ছয় মাস বাড়তি সময় ধরে ইস্যু করা হয়। মেয়াদ শেষ হলে এই পাসপোর্টের কার্যকারিতা থাকে না এবং নবায়নের সুযোগও বন্ধ হয়ে যায়। তাই নিয়মানুযায়ী বিদায়ী সরকারের উপদেষ্টারা তাদের পাসপোর্ট জমা দিচ্ছেন। যারা এখনো জমা দেননি, তাদেরও শীঘ্রই এটি হস্তান্তর করতে হবে।
বিদায়ী উপদেষ্টাদের মধ্যে লাল পাসপোর্ট হস্তান্তরকারীদের তালিকায় রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
এছাড়াও পাসপোর্ট জমা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
তালিকায় আরও আছেন বাণিজ্য ও বস্ত্র উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
উপদেষ্টাদের বাইরে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বর্তমানে দেশের বাইরে থাকা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। অন্যদিকে, দায়িত্ব হস্তান্তরের পরপরই পাসপোর্ট জমা দিয়েছিলেন সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর রাষ্ট্র পরিচালনার পর গত ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত নতুন মন্ত্রিসভা বর্তমানে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।
![]()