• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

খিলগাঁওয়ে সেতুর নিচ থেকে জজ মিয়ার লাশ উদ্ধার

admin
আপডেটঃ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী ডেস্কঃ রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খালের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আবদুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে জিরানি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর তদন্ত শুরু করে খিলগাঁও থানার পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ বলছে, গত মঙ্গলবার জজ মিয়া তাঁর খিলগাঁওয়ের বাসা থেকে বের হন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মেরুল বাড্ডার মিন্টুর গ্যারেজে যান। সেখানে আগে থেকে আবদুল্লাহসহ অন্য ব্যক্তিরা অবস্থান করছিলেন। তারা ধারালো চাকু দিয়ে আঘাত করে জজ মিয়ার মৃত্যু নিশ্চিত করেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে জজ মিয়ার লাশ জিরানি খালে ফেলেন তারা। এ ঘটনায় জজ মিয়ার স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তদন্তের একপর্যায়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আবদুল্লাহ বলেছেন, জজ মিয়া তার এক সহযোগীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এর জেরে তাকে হত্যা করা হয়। তবে প্রকৃত ঘটনা কী, তা যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ