• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

নিষিদ্ধ সংগঠনের নেতাদের বাসায় হামলা-অগ্নিসংযোগ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে চলমান সহিংসতা ও অস্থিরতার উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকার মিরপুরে। এর জের ধরে মিরপুর-কাফরুল ও রূপনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল ও সংগঠনের নেতাকর্মীদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মিরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা চালানোর অভিযোগ ঘিরে পাল্টা উত্তেজনা থেকে এসব হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চুর মিরপুরের ইব্রাহিমপুরের বাসায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি মিছিল নিয়ে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে অবস্থিত সাচ্চুর বাসায় প্রবেশ করে। হামলাকারীরা বাড়িটির নিচতলার গ্যারেজে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফাসহ আসবাবপত্র পুড়ে যায়। এ সময় বাড়ির তত্ত্বাবধায়কের কক্ষেও ভাঙচুর চালানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে, দুপুর থেকে বিকেলের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পির বাসায়ও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

পাশাপাশি, সন্ধ্যার পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং রূপনগর থানা আওয়ামী লীগের নেতা হাজী রজ্জব হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা আক্তার সাচ্চুর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তবে যুবলীগ নেতার বাসায় হামলার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া সংশ্লিষ্ট কোনো নেতার পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকেই সংশ্লিষ্ট নেতারা আত্মগোপনে রয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ