রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর রামপুরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ, যিনি ‘কাইল্যা পলাশ’ নামে পরিচিত। মাথায় দুটি গুলি লাগার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১২ জুন) দুপুর প্রায় ২টার দিকে হাতিরঝিল থানার অন্তর্গত রামপুরা টিভি সেন্টার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পশ্চিম রামপুরা এলাকার বাসিন্দা এবং ইউনুস খানের ছেলে পলাশ দুপুরে রয়েল মিষ্টির দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তার কাছে গিয়ে অস্ত্র তাক করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় আরেক সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কাইলা মাসুদ’ পলাশকে লক্ষ্য করে মাথায় দুই রাউন্ড গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ ছুটোছুটি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পলাশকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতাল সূত্র জানিয়েছে, পলাশের মাথায় দুটি গুলি বিদ্ধ হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। হাসপাতালে নেওয়ার পরপরই জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনার সঙ্গে কাইলা মাসুদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রামপুরা থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) একাধিক দল কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের না হলেও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
![]()