জেলা ডেস্কঃ রংপুরের পীরগাছায় পিতা মাহাবুর রহমান ওরফে মহুবারকে (৫৫) নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে হাসানুর রহমানের (২২) দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার তাম্বুলপুর বাজারে ‘আইন ও অধিকার ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পিতা-মাতার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে সম্পদলোভী ও নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পৈশাচিক এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘাতক ছেলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলাম রাখু ও রুবেল মিয়া, স্থানীয় বাসিন্দা শাহ আলম এবং আইন ও অধিকার ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি অবসরপ্রাপ্ত সৈনিক সবুজ মিয়া। এতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামে জমি ও পারিবারিক বিরোধের জের ধরে ছেলে হাসানুর রহমানের ছুরিকাঘাতে পিতা মাহাবুর রহমান নিহত হন।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযুক্ত হাসানুর রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
![]()