জেলা ডেস্কঃ বগুড়া শহরের মাটিডালী মোড়ে স্থাপিত পুরোনো যুদ্ধবিমানটি ক্রমেই হারাচ্ছে তার অবয়ব। এবার বিমানটির লেজের একটি অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও একাধিকবার স্মারকটির বিভিন্ন ধাতব অংশ চুরির ঘটনা ঘটেছে।
কী ঘটেছে?
বুধবার (১১ নভেম্বর) মাটিডালী মোড়ে গিয়ে ঘটনাটির সত্যতা পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা বিমানটির লেজের দিকের একটি অংশ খুলে নিয়ে যায়।
বগুড়া শহরের মাটিডালী মোড়ে ল্যান্ডমার্ক হিসেবে স্থাপিত শেনইয়াং এফ-৬ মডেলের পুরোনো যুদ্ধবিমানের পেছনের একটি অংশ খুলে নিয়ে গেছে চোরেরা।
২১ বছরের ঐতিহ্যের স্মারক
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর আগে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী মোড়ের গোলচত্বরে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অকেজো যুদ্ধবিমান স্মৃতিচিহ্ন হিসেবে স্থাপন করা হয়। সেই থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই এলাকা ‘বিমান মোড়’ নামে পরিচিতি পায়।
শহরের এই প্রধান স্মারক দেখতে প্রতিদিন কৌতূহলী মানুষ ভিড় করেন।
আগেও চুরি হয়েছে
এটাই প্রথম নয়। এর আগেও বিমানটির পাখায় থাকা বুলেট আকৃতির দুটি ধাতব অংশ চুরি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চুরি যাওয়া অংশ দুটি বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে দুই দফায় পুনঃস্থাপন করা হলেও পরে আবার সেগুলো খোয়া যায়।
এক স্থানীয় বাসিন্দা বলেন, _“এই পথে যাওয়ার সময় দেখি, বিমানের লেজের অংশটা খুলে নিয়ে গেছে। এর আগেও বিমানটির পাখায় থাকা দুটি ধাতব অংশ মাদকসেবীরা চুরির চেষ্টা করেছে। সিটি করপোরেশনের মাধ্যমে সেগুলো দুবার লাগানো হলেও পরে আবারও চুরি হয়ে যায়।”
স্থানীয়দের ক্ষোভ
স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ এই স্থাপনা দেখভালের দায়িত্বে কোনো নিরাপত্তাকর্মী নেই। পর্যাপ্ত নজরদারি না থাকায় নেশাগ্রস্ত ও অপরাধী চক্রের সদস্যরা সুযোগ বুঝে ঐতিহাসিক এই স্মারকের একেকটি অংশ চুরি করে নিয়ে যাচ্ছে।
তারা দ্রুত চুরি যাওয়া অংশ মেরামত, স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন।
পুলিশ কী বলছে?
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
![]()