স্পোর্টস ডেস্কঃ বিদায়ী ম্যাচে লিওনেল মেসির জাদুতে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। বেনিনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তিন গোল করেছে আলবিসেলিস্তেরা । একটি গোল করেছেন মেসি নিজেই, অন্য দুই গোলে সরাসরি অবদান তার। ফলে জাতীয় দলের শেষ ম্যাচে এখন পর্যন্ত গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দারুণ এক বিদায়ী রাত কাটাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে আসা বলে দারুণ ভলিতে জালে পাঠান অভিজ্ঞ এই ডিফেন্ডার। গোলের কিছুক্ষণ পরই ওতামেন্দিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছাড়ার সময় সতীর্থ ও সমর্থকদের কাছ থেকে পান করতালি পান তিনি। আজ ওতামেন্দিরও বিদায়ী ম্যাচ।
এরপর আবারও মেসির পাস থেকে গোল পায় আর্জেন্টিনা। বাঁ দিক থেকে মেসির বাড়ানো বল পেয়ে বক্সে ঘুরে বাঁকানো শটে বল জালে পাঠান নিকো পাজ। তার নিখুঁত শটে বেনিনের গোলরক্ষকের কিছুই করার ছিল না। বিদায়ী ম্যাচে এ নিয়ে দুটি গোলে সরাসরি অ্যাসিস্ট করলেন মেসি।
৬৮ মিনিটে বেনিন বক্সে অগাস্টিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক নিতে এগিয়ে আসেন মেসি। ৭১ মিনিটে ডান দিকের ওপরের কোণে নিখুঁত শটে গোল করেন তিনি। বেনিনের গোলরক্ষক দিক বুঝতে পারলেও বলের নাগাল পাননি।
এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১২৬-এ। বিদায়ী ম্যাচে এখন পর্যন্ত তার নামের পাশে এক গোল ও দুই অ্যাসিস্ট। আর্জেন্টিনা এগিয়ে আছে ৩-০ গোলে।
![]()