বিনোদন ডেস্ক রিপোর্টঃ জাপানের একটি ঐতিহাসিক মন্দিরে পবিত্র পাথরের ওপর তরল পদার্থ ঢেলে ক্ষতিসাধনের অভিযোগে তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী সাই ই-চেনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
জাপানের স্থানীয় পুলিশের বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ৩৯ বছর বয়সী সাই ই-চেন গত ৬ এপ্রিল নারা প্রিফেকচারের ইয়াকুশিজি মন্দিরে শাক্যমুনি বুদ্ধের পদচিহ্ন খোদাই করা একটি পাথরের ওপর তরল ঢেলেছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ওই তরলে গ্লিসারিনের উপস্থিতি শনাক্ত হয়েছে। মিষ্টিকারক ও প্রসাধনীতে ব্যবহৃত এই উপাদানটি পাথরের ওপর ঢালা তরলের নমুনায় পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে পুলিশকে সাই বলেছেন, প্রার্থনার সময় যেসব জিনিস তাকে আবেগাপ্লুত করে, সেগুলোর ওপর তিনি তেল ঢেলে থাকেন। তাই বুদ্ধের পদচিহ্ন খোদাই করা পাথরেও তিনি তেল ঢেলে থাকতে পারেন বলে জানিয়েছেন।
ঘটনার সময় সাই পর্যটক হিসেবে মন্দিরটি পরিদর্শন করছিলেন। ইয়াকুশিজি মন্দিরটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ঐতিহাসিক স্থাপনার অংশ।
পুলিশ নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে সাই ই-চেনকে শনাক্ত করে। এরপর তিনি আগস্টে আবার জাপানে প্রবেশ করলে ওসাকা প্রিফেকচারের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২২ আগস্ট তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
সাই ই-চেন তাইওয়ানের বিনোদন অঙ্গনে পরিচিত মুখ। ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় তাইওয়ানি আইডল ড্রামা ‘KO One’-এ শিক্ষার্থী উসিয়ং চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান।
![]()