• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

রান্না করা ভাতটুকুও পুড়ে ছাই, খোলা আকাশের নিচে একটি পরিবার

admin
আপডেটঃ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে দিনমজুর হাসান আলীর শেষ সম্বল বসতঘর। সর্বস্ব হারিয়ে এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটানোর শঙ্কায় চার সদস্যের এই অসহায় পরিবার।

সোমবার ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী রেলপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাসান আলী মৃত ইউসুফ আলীর ছেলে। নিজের কোনো জমি নেই। রেললাইনের পাশে ছোট্ট একটি ঘরে পরিবারের চার সদস্যকে নিয়ে বসবাস করতেন তিনি।

প্রতিদিনের মতো রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন হাসান। প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু।

দুপুরে সরেজমিনে দেখা যায়, ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে রান্না করা ভাত ও ঘরে থাকা চালও পুড়ে গেছে। এখন সেখানে পড়ে আছে শুধু পুড়ে যাওয়া খুঁটি আর ছাই।

হাসান আলী বলেন, ‘আমি দিনমজুর। একদিন কাজ না করলে সংসার চলে না। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। রান্না করার চালটুকুও নেই। এখন ঘর বানানোর সামর্থ্যও নেই। সবার কাছে সাহায্য চাই।’

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারোয়ার বলেন, ‘লিখিত অভিযোগ পেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে উপজেলা প্রশাসন।’

স্থানীয়রা জানান, আগুনে শুধু একটি ঘর নয় পুড়ে গেছে একটি পরিবারের স্বপ্ন ও বেঁচে থাকার শেষ আশ্রয়। এখন অসহায় হাসানের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ