• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় এ আগুন লাগে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, অসুস্থ হয়ে হাসপাতালে আসা ৬৩ শিক্ষার্থীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

কাঁচপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা ভবনের দোতলায় লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে। অসুস্থ শিক্ষার্থীদের বরাতে চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এ সময় ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এতে ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। এতে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় থাকা কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে পার্থ হালদার বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ