জেলা ডেস্কঃ মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল মারুফ (২২) নামের এক যুবকের।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা মোটরসাইকেলের অপর আরোহী আল মামুন (১৭)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রবান ফিলিং স্টেশনের বিপরীত পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মারুফ দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের মাসুদ মিয়ার ছেলে। আহত আল মামুন একই গ্রামের জালাল মিয়ার ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত আল মামুনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি তৈরি হয়। পরে হাইওয়ে ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
![]()