• বুধবার, ২০ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

admin
আপডেটঃ : বুধবার, ২০ মে, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছর পর আবারও চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি বর্নমাউথকে হারাতে ব্যর্থ হওয়ায় শিরোপা নিশ্চিত হয় উত্তর লন্ডনের ক্লাবটির।

শিরোপা দৌড়ে টিকে থাকতে সিটির জয়ের বিকল্প ছিল না। জিততে পারলে আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে এনে শেষ দিন পর্যন্ত প্রতিযোগিতা ধরে রাখতে পারত দলটি। তবে ম্যাচের ৩৯ মিনিটে বর্নমাউথের জুনিয়র ক্রুপি গোল করে সিটিকে পিছিয়ে দেন।

অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান আর্লিং হাল্যান্ড। কিন্তু জয় নিশ্চিত করার মতো আরেকটি গোল পায়নি পেপ গার্দিওলার দল।

শেষ বাঁশি বাজার পরই এমিরেটস স্টেডিয়ামের বাইরে উদ্‌যাপনে মেতে ওঠেন আর্সেনাল সমর্থকেরা। মৌসুমের শেষ ম্যাচে রোববার ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলবে আর্সেনাল।

শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনের ছবি পোস্ট করেন মিডফিল্ডার ডেক্লান রাইস। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি আগেই বলেছিলাম… কাজ শেষ।’

এটি আর্সেনালের ১৪তম ইংলিশ লিগ শিরোপা। ইংল্যান্ডের শীর্ষ লিগে তাদের চেয়ে বেশি শিরোপা আছে শুধু লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে লিগ জিতেছিল আর্সেনাল, যে দলটি ‘ইনভিন্সিবলস’ নামে পরিচিত।

এবার প্রিমিয়ার লিগের পাশাপাশি পারি সাঁ-জেরমাঁর বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালও খেলবে মিকেল আর্তেতার দল। ৩০ মে অনুষ্ঠেয় সেই ফাইনালে জিততে পারলে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুটও উঠবে আর্সেনালের মাথায়।

২০১৯ সালে দায়িত্ব নেওয়া আর্তেতা এর মধ্য দিয়ে প্রথম সাবেক প্রিমিয়ার লিগ ফুটবলার হিসেবে কোচ হিসেবে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন। এর আগে টানা তিন মৌসুম রানার্সআপ হয়ে হতাশ হতে হয়েছিল তাকে।

২০২৩ ও ২০২৪ মৌসুমে আর্সেনাল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সিটির কাছে শিরোপা হারায়। গত মৌসুমে লিভারপুলের কাছেও পিছিয়ে পড়ে দলটি। তবে এবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে সক্ষম হয়েছে তারা।

দৃঢ় রক্ষণভাগ ও সেট পিস থেকে ধারাবাহিক সাফল্যের ওপর ভর করেই শিরোপা জিতেছে আর্সেনাল। ৩৭ ম্যাচে তারা মাত্র ২৬ গোল হজম করেছে, যা লিগে সর্বনিম্ন। এ ছাড়া ১৯টি ক্লিনশিটের পাশাপাশি সেট পিস থেকে করেছে ২৪ গোল। এর মধ্যে কর্নার থেকেই এসেছে ১৮টি, যা প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ।

২০০৪ সালের পর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লেস্টার সিটি ও লিভারপুল শিরোপা জিতেছে। ২০১৭ সালের পর এবারই প্রথম সিটি বা লিভারপুল ছাড়া অন্য কোনো দল প্রিমিয়ার লিগ জিতল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ