• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ৩৩ বছর ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’- তার বলিউডের পথচলা নিজেই এক সিনেমার কাহিনী। বলিউডে পা দেওয়ার তিন দশক পর তার হাতে ধরা দিয়েছেন বহু আকাঙ্ক্ষার জাতীয় পুরষ্কার, তবে এখানেই শেষ নয়। ভাগ্যদেবী যেন এবার একটু বিশেষ নজর দিয়েছেন কিং খানের দিকে। তাইতো বলিউড বাদশাহ শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ এর বরাত দিয়ে দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই সুপারস্টারের মোট সম্পদের পরিমাণ পৌঁছেছে বিস্ময়কর ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১২ হাজার ৪৯০ কোটি রুপিতে। এর মাধ্যমে ৫৯ বছর বয়সী শাহরুখ খান ভারতের সবচেয়ে ধনী তারকার পাশাপাশি বিশ্বব্যাপী অভিনেতাদের মধ্যে শীর্ষস্থান দখল করে নিলেন।

এই বিশাল অর্জনের মাধ্যমে শাহরুখ খান পেছনে ফেলেছেন বহু আন্তর্জাতিক তারকাকে। তার বর্তমান সম্পদ এখন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), হলিউড অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার) ও কৌতুক অভিনেতা জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার)-এর চেয়েও বেশি।

হুরুন রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, গত বছর শাহরুখের সম্পদ ৮৭০ মিলিয়ন ডলার থাকলেও এ বছর তা ১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা থেকে বিজ্ঞাপনচিত্রের মডেলিং—নানা মাধ্যম থেকে কাঁড়ি কাঁড়ি অর্থ কামিয়েছেন তিনি।

বুধবার তালিকাটি প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। প্রতিবছর এ তালিকা প্রকাশ করে গবেষণাপ্রতিষ্ঠানটি, যেখানে ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের সম্পদের হিসাব তুলে ধরা হয়।

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শাহরুখের অবস্থান দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকলেও, নতুন তালিকায় দ্বিতীয় স্থানের সঙ্গে তার সম্পদের ব্যবধান আরও অনেকটা বেড়েছে। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। তৃতীয় স্থানে হৃতিক রোশন, যার সম্পদ ২ হাজার ১৬০ কোটি রুপি। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন করণ জোহর ও অমিতাভ বচ্চন।

২০২৪ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে প্রথমবার প্রবেশ করেছিলেন শাহরুখ খান। তখন তার সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৩০০ কোটি রুপি।

অভিনয়ের পাশাপাশি শাহরুখ খান প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অন্যতম মালিক। তিনি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সেরও অন্যতম মালিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এক্সে (সাবেক টুইটার) তার অনুসারীর সংখ্যা ৪ কোটি ৩৯ লাখ এবং ইনস্টাগ্রামে ৪ কোটি ৮৬ লাখ।

এই বছর ‘জওয়ান’ ছবির জন্য যুগ্মভাবে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমাটি ভারতের বক্স অফিসেই আয় করেছিল ১ হাজার কোটি রুপি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ