• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
আপডেটঃ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাজধানী ডেস্কঃ “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যে আয়োজিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ আব্দুল মতিন।

অনুষ্ঠানে বিশ্ব বসতি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে অতিথিবৃন্দের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বিশ্ব বসতি দিবস ও বসতি মেলা সফলভাবে আয়োজন এবং এতে অংশগ্রহণের জন্য মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান ও প্রধান অতিথিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই মেলার মাধ্যমে আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম, পণ্য ও সেবা সম্পর্কে দেশের মানুষের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত এ মেলায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, দেশের জনগণের সামর্থ্য ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আবাসন ও নির্মাণসামগ্রীসহ সংশ্লিষ্ট পণ্য ও সেবা প্রদান করতে হবে। বিশেষ করে সাশ্রয়ী মূল্য (Cost-effective) ও উন্নতমান (Good quality)—এই দুইয়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ডেভেলপার কিংবা বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রস্তুতকারী প্রতিষ্ঠান—যে খাতেই কাজ করেন না কেন, আপনাদের পণ্য ও সেবার মূল্য নির্ধারণ এবং মান নিশ্চিত করার ক্ষেত্রে সাধারণ মানুষের সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় রাখতে হবে। জনগণের জন্য সহনীয় মূল্যে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের আবাসন খাতকে আরও জনবান্ধব ও টেকসই করে গড়ে তুলতে সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি বলেন, “বিশ্ব বসতি দিবস ও বসতি মেলার আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যেকোনো যৌক্তিক বিষয়ে আপনাদের জন্য আমাদের সহযোগিতার দ্বার উন্মুক্ত থাকবে। সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “মানুষ তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে প্লট ও অ্যাপার্টমেন্ট ক্রয় করেন। এ ক্ষেত্রে কোনো জটিলতা থাকলে তা দ্রুত সমাধানের মাধ্যমে যথাসময়ে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। সরকার একটি নিরাপদ, মানবিক ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে আবাসন ও নির্মাণ খাতের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।”

সমাপনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউকসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ব বসতি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ