জেলা ডেস্ক রিপোর্টঃ ঝালকাঠির নলছিটিতে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত একটি ব্রিজ দীর্ঘ ১৯ বছরেও সংস্কার করা হয়নি। ফলে উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া খালের ওপর নির্মিত এই জনগুরুত্বপূর্ণ ব্রিজটি দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। বাধ্য হয়ে স্থানীয়দের তৈরি নড়বড়ে বাঁশের সাঁকোই এখন যাতায়াতের একমাত্র মাধ্যম।
স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদ সরকারের আমলে ভেরনবাড়িয়া খালের ওপর ২২ মিটার দৈর্ঘ্যের লোহার ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ২০০৭ সালের সিডরে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় পার হলেও এটি মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে উত্তর ভেরনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও বৃদ্ধরা এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আনিচুর রহমান ও মিরাজুল ইসলাম জানান, রানাপাশা ইউনিয়নের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ভেরনবাড়িয়া। ব্রিজটি না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। প্রতি বছর গ্রামবাসী চাঁদা তুলে সাঁকো মেরামত করলেও তা স্থায়ী সমাধান নয়। সাইদুল ইসলাম রনি নামের এক বাসিন্দা জানান, ব্রিজের অভাবে ব্যবসায়ীদের পণ্য পরিবহনে দীর্ঘ পথ ঘুরে আসতে হচ্ছে, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দিচ্ছে। অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন।
এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডি প্রকৌশলী আজিজুল হক জানান, স্থানীয়রা বিষয়টি অবগত করেছেন। জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
![]()