খেলা ডেস্ক রিপোর্টঃ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের অভিযানটা শুরু করল দারুণ আত্মবিশ্বাসী এক জয় দিয়ে বাংলাদেশ। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শুরুটা কঠিন হলেও শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের নায়ক হয়ে উঠেছেন অভিষেক ম্যাচ খেলতে নামা যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান, যিনি একাই করেছেন ম্যাচের দুটি গোল।
ম্যাচের আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন সুলিভান যমজ রোনান ও ডেকলাইন। তবে একাদশে জায়গা পান কেবল রোনানই। শুরুতে তাকে খুব একটা স্বচ্ছন্দও মনে হয়নি। সতীর্থদের সঙ্গে বোঝাপড়ার অভাব, পাসিংয়ে অসামঞ্জস্য, সব মিলিয়ে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে বাংলাদেশ। একাধিক আক্রমণ তৈরি হলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি, ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়।
আজ মালদ্বীডের মাঠে প্রথমার্ধে সুযোগ নষ্টের হতাশা নিয়েই দ্বিতীয়ার্ধে মাঠে নামে বাংলাদেশ। তবে বিরতির পর যেন বদলে যায় পুরো দৃশ্যপট। আক্রমণের ধার বাড়ে, পাসিংয়ে আসে গতি আর সমন্বয়। সেই পরিবর্তনের ফলও পেতে দেরি হয়নি। ম্যাচের ৫৩তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনান। তার এই গোলটি শুধু লিডই এনে দেয়নি, দলের আত্মবিশ্বাসও কয়েকগুণ বাড়িয়ে দেয়।
প্রথম গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ৬৭তম মিনিটে বাম দিক থেকে আসা একটি নিখুঁত ক্রসকে হেডে রূপান্তর করে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনান। এই গোলের পর কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় বাংলাদেশের হাতে। পাকিস্তান মাঝেমধ্যে প্রতিআক্রমণের চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক ইসমাইল হোসেন তা সফলভাবে সামলে দেন। এমনকি একবার বল জালে জড়ালেও ফাউলের কারণে গোল পায়নি পাকিস্তান।
এই জয়ের ফলে গ্রুপে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান একটি ম্যাচ খেলেও এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি, আর ভারত এখনো মাঠে নামেনি। ফলে সেমিফাইনালের দৌড়ে শুরুতেই এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।
অভিষেক ম্যাচেই জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রোনান সুলিভান। তার পারফরম্যান্স শুধু ম্যাচ জেতায়নি, দলকে নতুন এক আস্থাও দিয়েছে। ম্যাচ শেষে পরবর্তী প্রতিপক্ষ ভারতের বিপক্ষেও জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন এই তরুণ ফরোয়ার্ড।
গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে শক্তিশালী ভারত, যারা সাফের বয়সভিত্তিক ফুটবলে অন্যতম সফল দল।
![]()