জেলা ডেস্ক রিপোর্টঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় একটি ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁচকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে যাত্রীবোঝাই একটি ভ্যান সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রামট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রীরা গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডা. খুরশিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া একজনকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
![]()