• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

বিরোধী দল থেকে সংরক্ষিত নারী এমপি হচ্ছেন যারা

admin
আপডেটঃ : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রাপ্ত ৭৭ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন পাবে ১৩টি। প্রাপ্ত আসন অনুপাতে ৬৮টি আসনের বিপরীতে এককভাবে ১২টি সংরক্ষিত আসন পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জামায়াত নিচ্ছে ৯টি আসন। বাকি ৩টি আসন জোটের শরিকদের ছেড়ে দিচ্ছে। এই ৩টি আসন পাচ্ছে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস।

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চূড়ান্ত তালিকায় থাকা জামায়াতের ৯ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ, আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নাহার নিলু। অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। এ ছাড়াও জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমও রয়েছেন এ তালিকায়।

দলের কোটা থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকেও মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। দলের আমির আল্লামা মামুনুল হক শনিবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদে প্রাপ্ত ৬টি আসনের বিপরীতে সংরক্ষিত নারী কোটায় একটি আসন পাবে। এই আসনে দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করেছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে দলের অভ্যন্তরে আলোচনা ও যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। কোনো নেতার কোটা রাখা হয়নি। দলের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী আগে এমপি ছিলেন, তারপরও তাকে এবার বাদ দেওয়া হয়েছে।

যোগ্যতার বিচারে মীর কাসেম আলির মেয়ে সুমাইয়ার নাম এলেও চূড়ান্ত পর্যায়ে তাকে বাদ দেওয়া হয়েছে। কারণ তার ভাই ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান বর্তমানে সংসদ-সদস্য হিসাবে আছেন।

চূড়ান্ত তালিকা ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জামায়াত ও ১১ দলের নেতৃস্থানীয় সূত্র জানিয়েছে। এ তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের ৩ জনকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও নিশ্চিত করেছে সূত্র।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ