• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

admin
আপডেটঃ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

রাজনৈতিক ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দলটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনা করছে। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮৩ সালে দলের হাল ধরেন তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া। ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়া কারাবন্দি হলে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান।

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ওই বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলে ২০২৬ সালের ৯ জানুয়ারি তারেক রহমান দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হন। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র রুদ্ধ হওয়ার পর জিয়াউর রহমান বহুমাত্রিক গণতন্ত্র ও রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তাঁর নেতৃত্বে বিএনপিকে প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দলটি সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। দেশে যতবারই জনগণ সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

তারেক রহমান তাঁর বাণীতে আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের এই আস্থার প্রতিদান হিসেবে জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির ক্ষমতার উৎস উল্লেখ করে তিনি সকল নেতাকর্মীকে দেশমাতৃকার সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি বিস্তারিত ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করবেন। আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে মৎস্য অবমুক্তকরণে যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি নেতৃত্ব দেবেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ