ব্যাংক-বীমা ডেস্কঃ গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করেছে দেশের বেসরকারি খাতের শরীয়াহ ভিত্তিক লাইফ বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ২০২৫ সালের ভ্যালুয়েশন রিপোর্টের ওপর ভিত্তি করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি এই বোনাস অনুমোদন করেছে।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির সচল পলিসির বিপরীতে মেয়াদপূর্তি অথবা মৃত্যু দাবির ক্ষেত্রে প্রতি ১ হাজার টাকা বীমা অংকের বিপরীতে সর্বোচ্চ ৪৭ টাকা হারে পলিসি বোনাস প্রদান করা হবে।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বোনাস ঘোষণা পলিসি গ্রাহকদের প্রতি তাদের স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার সুস্পষ্ট প্রতিফলন।
এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য সম্মানিত পলিসি গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেনিথ ইসলামী লাইফ শুরু থেকেই নৈতিকতা ও পূর্ণাঙ্গ শরীয়াহ নীতিমালা অনুসরণ করে গ্রাহকদের সর্বোচ্চ আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। ২০২৫ সালের ভ্যালুয়েশনের ভিত্তিতে প্রতি হাজারে সর্বোচ্চ ৪৭ টাকা পর্যন্ত বোনাস দিতে পেরে আমরা আনন্দিত।
তিনি আরো বলেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও আমাদের দক্ষ বিনিয়োগ ব্যবস্থাপনা ও স্বচ্ছ পরিচালনা পদ্ধতির কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও মুনাফা প্রদানের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
![]()