কাতারে প্রবাসী পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদু দেশটির পৌরসভামন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ বিন আবদুল্লাহ আল আত্তিয়াহ-এর কাছ থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছেন। ফখরুল ইসলাম কাতারের পৌরসভা মন্ত্রণালয়ের পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত রয়েছেন। সম্প্রতি সেখানে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অত্যন্ত সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন তিনি। এই বিশেষ অংশগ্রহণের স্বীকৃতি হিসেবেই কাতারি মন্ত্রী তাকে এই সম্মাননা জানান।
ফখরুল ইসলামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ই্উনিয়নের ২ নং ওয়ার্ডের বাখাইরপাড় গ্রামে। তার বাবার নাম লাল মিয়া। নিজ গ্রামের গণ্ডি পেরিয়ে সুদূর কাতারে সরকারি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিজের মেধা ও সুপ্ত প্রতিভা তুলে ধরে এই সম্মাননা অর্জন করায় ফখরুল ইসলাম দুদু প্রবাসী বাংলাদেশিদের মাঝে অত্যন্ত প্রশংসিত হচ্ছেন।
কাতার পৌরসভা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কর্মীদের প্রচেষ্টা ও বিশেষ প্রতিভার স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে। কর্মীদের নিজস্ব দক্ষতা ও প্রতিভা বিকশিত করার পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠান এবং কার্যক্রমে কর্মীদের সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একজন সাধারণ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে এমন অর্জন অত্যন্ত গর্বের বিষয়।
![]()