• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ ধ্বংস করতে গিয়ে নিহত মার্কিন সেনা

admin
আপডেটঃ : সোমবার, ২০ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিরাপদে ধ্বংস করার (কন্ট্রোলড ডেটোনেশন) সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য সামান্য আহত হয়েছেন। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের শুরু থেকে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এতে বলা হয়, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই এক সেনা সদস্য নিহত হন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

সেন্টকম জানায়, একই ঘটনায় আরেক সেনা সদস্য সামান্য আহত হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত।

এর আগে, শুক্রবার (১৭ জুলাই) জর্ডানে ইরানের হামলায় আরও দুই মার্কিন সেনা নিহত হন এবং একজন নিখোঁজ হন। রোববার সেন্টকম জানায়, হামলার স্থান থেকে মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। সেগুলোর পরিচয় নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এদিকে টানা অষ্টম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

এক মাস আগে, স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনাও তীব্র হয়েছে।

চলমান এ সংঘাতে এখন পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি হয়েছে। নিহতদের বেশিরভাগই ইরান ও লেবাননের বাসিন্দা। পাশাপাশি জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংঘাত শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে ইরান।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি শাহেদ ড্রোন তৈরি করতে প্রায় ৩০ হাজার ডলার ব্যয় হয়। ফলে তুলনামূলক কম খরচে বিপুল সংখ্যক ড্রোন মোতায়েন করতে সক্ষম হচ্ছে তেহরান। অন্যদিকে, এসব ড্রোন ভূপাতিত করতে ব্যবহৃত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তাছাড়া সব ক্ষেত্রেই সেগুলো লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পারে না।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ