অনলাইন ডেস্কঃ দেশের বাজারে ধারাবাহিকভাবে সাত দফা কমানো হয়েছে স্বর্ণের দাম। সব মিলিয়ে প্রতি ভরিতে মূল্য কমেছে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা। এর মধ্যে সর্বশেষ দফায় একবারেই কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
ঘোষিত দাম অনুযায়ী, আজ থেকে ক্রেতারা নতুন মূল্যতালিকা অনুসারে স্বর্ণালংকার কিনতে পারবেন। বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। অন্য ক্যারেটের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের মূল্য সমন্বয়ের হিসাব অনুযায়ী, সর্বশেষ মূল্য কমানোর আগে ছয় দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ১৪ হাজার ২৮৮ টাকা কমানো হয়েছিল।
এর মধ্যে ৬ নভেম্বর প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে আরও ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাজুস। ফলে সাত দফায় সব মিলিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা।
বাজুস জানিয়েছে, ঘোষিত স্বর্ণের মূল দামের সঙ্গে অলংকার কেনার সময় সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে। পাশাপাশি গহনার নকশা ও ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে পরিশোধ করতে হবে।
অন্যদিকে, পুরোনো স্বর্ণ ও অলংকার বিনিময়ের ক্ষেত্রেও নির্ধারিত কর্তনের নিয়ম বহাল রয়েছে। অলংকার বদল বা বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার সময় ১৮ শতাংশ বাদ দেওয়ার বিধান কার্যকর থাকবে।
![]()