• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:

‘মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা

admin
আপডেটঃ : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়ার পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অপহরণ ও লুটপাটের ঘটনায় জড়িত।

মোট ২ লাখ ১৭ হাজার টাকা এবং মূল্যবান সামগ্রী দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি ছাড়া পান এবং রাতেই ঢাকার মোহাম্মদপুরের নিজ বাসায় ফিরে আসেন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি তিনি।

ঘটনার বিবরণ দিয়ে মনিরুল হক ফরাজী জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে সড়কের ওপর গাছ ফেলে অবরোধের মুখে পড়েন তারা। অবরোধকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেয়। একপর্যায়ে কয়েকজন সড়ক থেকে গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।

ভুক্তভোগী এই বিএনপি নেতা বলেন, “গাড়ি থেকে নামিয়েই সন্ত্রাসীরা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে, এতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। আমার সঙ্গে থাকা ময়েন ও চালক হাসানকেও মারধর করা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা আমার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেখে আমাকে আরও বেধড়ক মারপিট করে।”

তিনি আরও জানান, হামলাকারীরা তার সঙ্গী দুজনকে ছেড়ে দিলেও তাকে আটকে রাখে এবং তার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের আংটি, গলার চেইন ও আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। এরপর ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘোরানো হয়। শেষদিকে হামলাকারীদের দলে চারজন অবশিষ্ট ছিল। পরে মুক্তির শর্তে আরও টাকা দাবি করলে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।

ছাড়া পাওয়ার পর ভাড়ায় চালিত মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে পথ ভেঙে রাত ৯টার দিকে ঢাকার বাসায় ফেরেন মনিরুল হক। হামলাকারীদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না উল্লেখ করে তিনি জানান, মারধরের কারণে এখনো তার সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজীর অপহরণের খবর পাওয়ার পরপরই তারা গোপালগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি নিরাপদে ফিরে এসেছেন বলে পুলিশ জানতে পেরেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন; সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ