• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক

admin
আপডেটঃ : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সারা দেশে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি উদ্যোগ (UDYOG)’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশের প্রত্যন্ত ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উপযুক্ত অর্থায়ন ও সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন দাখিলের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬। এছাড়া অন্যান্য সব জেলার অন্তর্ভুক্ত উপজেলার উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

আগ্রহী উদ্যোক্তারা আবেদন ফরম ও কর্মসূচি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের সব তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের গত ১৩ সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ী, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ, অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেওয়া হবে। তবে উদ্যোক্তা ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে দেওয়া পুরো অর্থ ঋণে রূপান্তরিত হবে। অর্থাৎ, অনুদানের সুবিধা নিশ্চিত করতে উদ্যোক্তাকে ঋণের পুরো অর্থ পরিশোধ করতে হবে।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসহ অন্যান্য বৈধ ব্যবসায় এ সুবিধা পাওয়া যাবে। তবে এ অর্থায়ন সুবিধার জন্য উদ্যোক্তার বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা বাড়ানো এবং দেশের অর্থনৈতিক রূপান্তরে ভূমিকা রাখতেই বাংলাদেশ ব্যাংক এ বিশেষ কর্মসূচি চালু করছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ