• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ইসরায়েলের ক্ষমতার পালাবদল, সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

admin
আপডেটঃ : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে এ দায়িত্ব দিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) আল-জাজিরা, রয়টার্স, এপি ও এবিসি নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোববার আনুষ্ঠানিকভাবে আইজেনকোটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার হবে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এরপর সরকার গঠনের পথ খুঁজতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট হারজগ। অন্যদিকে, নিজের নেতৃত্বে নতুন জোট গঠনের চেষ্টা চালিয়ে যান নেতানিয়াহুও।

ইসরায়েলে সরকার গঠনের জন্য নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চারদলীয় জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোটের ঝুলিতে রয়েছে ৫৩টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো।

আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন আদায় করতে পারলে আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়া সম্ভব হতে পারে।

নির্বাচনী বিধান অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট এ মেয়াদ আরও ১৪ দিন বাড়াতে পারবেন। এই সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নীতিগত অবস্থান, মন্ত্রিত্ব বণ্টন ও জোট গঠনের শর্ত নিয়ে আলোচনা করতে হবে তাকে।

আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে এ দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় ব্যক্তিও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় একজনের নাম প্রস্তাব করতে পারবেন। ওই প্রার্থী সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন।

তাতেও সমাধান না এলে নেসেট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করা হবে। সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।

উল্লেখ্য, লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা সংকট মোকাবিলা করে ক্ষমতায় টিকে থাকলেও এবারের নির্বাচনের পর সরকার গঠন নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ