• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম কাস্টমসে ১৬৮ কনটেইনার পণ্য উঠছে অনলাইন নিলামে

admin
আপডেটঃ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাস পণ্য দ্রুত নিষ্পত্তি এবং কনটেইনার জট কমাতে ১৬৮টি কনটেইনার পণ্য অনলাইন নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জুলাই মাসে দুটি পৃথক ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। নিলামে শিল্প ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন ধরনের আমদানি পণ্য রয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর আওতায় ৭৬টি লটে ৯৩টি কনটেইনার পণ্য এবং ই-অকশন নং-০৭/২০২৬-এর আওতায় ৫৫টি লটে ৭৫টি কনটেইনার পণ্য বিক্রির জন্য রাখা হয়েছে।

নিলামের তালিকায় কেমিক্যাল, বিটুমিন, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, কাপড়, কাগজ, গৃহস্থালি সামগ্রীসহ নানা ধরনের পণ্য রয়েছে।

এনবিআর জানিয়েছে, পুরো নিলাম প্রক্রিয়াই পরিচালিত হবে ডিজিটাল পদ্ধতিতে। আগ্রহী ক্রেতারা নির্ধারিত সময়ে নিলামযোগ্য পণ্য সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন। ই-অকশন নং-০৭/২০২৬-এর পণ্য পরিদর্শন করা যাবে ১৩ থেকে ২০ জুলাই পর্যন্ত। আর বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর পণ্য দেখা যাবে ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত।

অনলাইনে দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ই-অকশন নং-০৭/২০২৬-এর ক্ষেত্রে ২২ জুলাই বিকেল ৩টা এবং বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর ক্ষেত্রে ২৬ জুলাই বিকেল ৩টা। পরবর্তী সময়ে যথাক্রমে ২২ জুলাই বিকেল সাড়ে ৩টা এবং ২৭ জুলাই সকাল ১১টায় দরপত্র উন্মুক্ত করা হবে।

কাস্টমস কর্তৃপক্ষের আশা, এই নিলামের মাধ্যমে বন্দরে পড়ে থাকা পণ্য দ্রুত সরানো সম্ভব হবে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করা এবং জাতীয় সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ