• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

গুরুত্বপূর্ণ তিন বৈঠক আজ

admin
আপডেটঃ : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতে আজ তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। দুপুর থেকে এসব বৈঠক শুরু হবে। ভারতের মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্সের দেওয়া তথ্যানুসারে, ভারতীয় সময় বুধবার দুপুর ১টায় নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরপর বিকাল সাড়ে ৪টায় দেশটির বাণিজ্য ভবনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। একই দিন বিকাল সাড়ে ৫টায় আকবর রোডের একটি ভেন্যুতে পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি ঘটেছে তা পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে এই সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে দুই দেশই। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতে চারটি ইস্যুর ওপর আলোচনায় জোর দেবেন। তা হলো-জ্বালানি সহযোগিতা, ভিসা, গঙ্গা পানি চুক্তি নবায়ন ও সীমান্ত ইস্যু।

আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে যাওয়ার পথে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক এসব বৈঠকে অংশ নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এসএম মাহবুবুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লিতে যাত্রাবিরতিকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন। ওই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা ও সমুদ্রসংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মাহবুবুল আলম বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যেই এসব বৈঠক হবে। পাশাপাশি এতে দুদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ধারা ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মুখপাত্র আরও বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সহযোগিতা আগামী বছরগুলোতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে তার সফরসঙ্গী হিসাবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে তারা উভয়েই ৯ এপ্রিল মরিশাস সম্মেলনে যোগ দিতে ভারত ত্যাগ করবেন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশি কোনো মন্ত্রীর এটিই প্রথম দিল্লি সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরটি একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে হতে যাচ্ছে। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দিয়ে ঢাকা দিল্লির সঙ্গে পূর্বের টানাপোড়েন কাটিয়ে একটি পারস্পরিক লাভজনক ও সম্মানজনক পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে নিয়ে যেতে চায়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ