• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:

ইউরোপজুড়ে ফের তরুণদের বিক্ষোভ

admin
আপডেটঃ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সামরিক খাতে অতিরিক্ত অর্থ ব্যয়, জলবায়ু সংকটসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করতে শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। তরুণ প্রজন্মের উদ্বেগ উপেক্ষা করার অভিযোগ তুলে রাজনৈতিক নেতাদের ওপর চাপ বাড়াতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়।

ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। তাদের অনেকের হাতে ছিল ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড। কোথাও ফ্লেয়ার জ্বালানো হয়, আবার কোথাও ট্যাঙ্কের কার্ডবোর্ডের প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত তরুণদের নেতৃত্বাধীন একটি জোট এই বিক্ষোভের আয়োজন করে। বিভিন্ন দেশে বিক্ষোভের কারণ কিছুটা ভিন্ন হলেও এর মধ্যে রয়েছে গাজায় ইসরায়েলের যুদ্ধ, বাড়ি ভাড়া বৃদ্ধি এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের অবনতি।

তবে সব বিক্ষোভের পেছনে একটি অভিন্ন ক্ষোভ কাজ করছে। বিক্ষোভকারীদের মতে, ইউরোপের সরকারগুলো ভূরাজনৈতিক সংকট মোকাবিলা এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতেই বেশি ব্যস্ত। অথচ তরুণ প্রজন্মের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হচ্ছে না।

ইতালিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। সুইজারল্যান্ডে বিক্ষোভের আয়োজকরা দাবি করেছেন, দেশজুড়ে ৪০ হাজারের বেশি মানুষ কর্মসূচিতে অংশ নিয়েছেন। অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে কর্মসূচি শেষ হওয়ার পর অল্পসংখ্যক বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। জার্মানির রাজধানী বার্লিনে প্রায় এক হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্কুলপড়ুয়া বিক্ষোভ করেন। তাদের উদ্বেগের অন্যতম বিষয় ছিল দেশটির দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি।

যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে এবং কাছের ট্রাফালগার স্কয়ারে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হন। তাদের মধ্যে কয়েকজন স্কুলের পোশাক পরা ছিল। এ সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল– ‘উচ্চশিক্ষা বাঁচাও’ এবং ‘তাদের যুদ্ধের জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’।

লন্ডনের বিক্ষোভে ডানপন্থি ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এএফপির সাংবাদিকরা ঘটনাস্থলে কয়েকজনকে গ্রেপ্তার হতেও দেখেছেন।

ইতালির রাজধানী রোমে স্কুলশিক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে মিছিল করে। ব্যানারে লেখা ছিল– ‘কেউ আমাদের স্বাধীনতা না দিলে আমরা নিজেরাই তা আদায় করে নেব।’ স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীরা শিক্ষা খাতে আরও অর্থ বরাদ্দের দাবি জানান। একই সঙ্গে সামরিক খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তারা।

ফ্রান্সে গতকাল শনিবারও রাস্তায় নেমে এসেছিলেন মানুষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটির প্যারিস নান্তেসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ