ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বনশ্রীতে স্কুলশিক্ষার্থী ফাতেমা আক্তার লিলি (১৬) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দিগ্ধ হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬-এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামে একটি বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা আক্তার লিলি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে সে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের প্রীতম ভিলার একটি বাসায় ভাড়া থাকত।
রোববার (১১ জানুয়ারি) সকালে মিলনকে প্রধান আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করে লিলির পরিবার। ওই দিন মামলার বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বনশ্রীর ওই বাসা ও এর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে বলেও সেদিন জানিয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা।
![]()