গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন দেওয়া হয়নি। বকেয়া বেতন পরিশোধের দাবিতে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানান শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে কারখানায় এসে শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে গিয়ে পুনরায় বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক মোহাম্মদ মাহাদি বলেন, গত তিন মাস ধরে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন চাইলে শুধু আশ্বাস দেওয়া হয়। আমরা ভাড়া বাসায় থাকি, বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজারও করতে পারছি না। বেতন না পেলে আমরা আন্দোলন করবই।
শ্রমিক রুজিনা খাতুন বলেন, তিন মাসের বেতন বাকি, তবুও কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ কি দেখে না আমরা কীভাবে বেঁচে আছি? কীভাবে ভাড়া বাসায় থাকছি, কী খাচ্ছি? আমাদের ঘাম ঝরানো টাকায় তারা ঠিকই ভালো আছে।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, সফিপুর এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার মালিকপক্ষের সঙ্গেও কথা হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।
![]()