• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

admin
আপডেটঃ : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ এবং এর গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল)।

স্থানীয় সময় রোববার রাত ১টার দিকে (২০:৩০ জিএমটি) উত্তর আফগানিস্তানের অন্যতম বৃহত্তম শহর বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের কাছে ভূমিকম্পটির উৎপত্তি। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সতর্ক করে বলেছে, এই ভূমিকম্পে ‘বড় ধরনের প্রাণহানি’ ও ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ আশঙ্কা রয়েছে।

বালখ প্রদেশের তালেবান মুখপাত্র এক্স-এ লিখেছেন, শলগারা জেলায় অন্তত চারজন নিহত এবং ‘অনেক মানুষ আহত’ হয়েছেন। তবে বিবিসি এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এর আগে হাজি জায়েদ নামে ওই কর্মকর্তা এক পোস্টে জানান, ‘প্রদেশের বিভিন্ন জেলা থেকে সামান্য আহত ও হালকা ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আর বেশিরভাগ আঘাতের কারণ হলো মানুষ আতঙ্কে উঁচু ভবন থেকে পড়ে যাওয়া।’

এএফপি জানিয়েছে, প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষের বসবাস মাজার-ই-শরিফে। ভূমিকম্পের সময় বহু বাসিন্দা আতঙ্কে ঘর থেকে রাস্তায় ছুটে আসে, কারণ তারা আশঙ্কা করছিল যে ভবনগুলো ধসে পড়তে পারে।

বালখের তালেবান মুখপাত্র এক্স-এ আরো একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায় শহরের ঐতিহাসিক নীল মসজিদের চত্বর জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। এই ধর্মীয় স্থাপনাটিকে প্রথম শিয়া ইমামের সমাধিস্থল বলে মনে করা হয়। এটি এখন এক গুরুত্বপূর্ণ স্থান, যেখানে প্রতি বছর বহু ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে আসে।

কাবুল পুলিশের তালেবান মুখপাত্র খালিদ জাদরান এক্স-এ লিখেছেন, ‘পুলিশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।’

উল্লেখ্য, মাত্র দুই মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। সে সময় ভূমিকম্পটি এতটা প্রাণঘাতী হয়েছিল কারণ ওই অঞ্চলের বেশিরভাগ বাড়িই কাদামাটি ও কাঠ দিয়ে নির্মিত ছিল, যা ধসে পড়ে বহু মানুষ ঘরের ভেতর আটকে পড়েছিল।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ভূমিকম্পসহ বেশ কয়েকটি বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে তাদের। এরমধ্যে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ, কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ