• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ৪ নেতাকে নিয়ে

admin
আপডেটঃ : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সফর সঙ্গীরা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসাইন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা-বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বিশ্ব-দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন।

তিনি বলেন, দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এবারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি।

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরকালে কোনো বিক্ষোভ হলে তা মোকাবিলায় প্রস্তুত আছে নিউইয়র্ক পুলিশ। এমনটাও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীসহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ