• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, উপজেলা সদস্যসচিবসহ আহত ১৫

admin
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটনসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় গোলাম মাওলা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৯ জুন) রাত ৯টার দিকে বারইয়ারহাট পৌর সদরের কাশবন রেস্টুরেন্ট সংলগ্ন জোবেদা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

আহত উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, আমি ও পৌর আহ্বায়ক মঈন উদ্দিন লিটনসহ কয়েকজন নেতাকর্মী কাশবন রেস্টুরেন্টে চা-নাস্তা শেষে বের হতেই আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম ও বারইয়ারহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর অনুসারীরা আমাদের ওপর এ ন্যাক্কারজনক হামলা চালায়। আমাদের সফলতা, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদের নোংরা হামলায় আমাদের বেশ ক’জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশকে ফোন দিয়েও কোনো প্রতিকার পাইনি। তারা আমাকে অবরুদ্ধ করে রেখেছিল।

এ ব্যাপারে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন বলেন, বারইয়ারহাট বড় বাজার। এখানে নিয়মিত আমাদের শত শত নেতাকর্মী অবস্থান করে। কাশবন হোটেলের সামনে ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে ছিল। তাদের অনুসারী নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের নিয়ে কটূক্তি করে। সেটি বাকবিতণ্ডায় রূপ নেয়। তারাই প্রথমে হামলা করে। তাদের হামলায় শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানবীর হোসেন, মো. বাদশা, জাহিদুল ইসলামসহ একাধিক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আহত হয়েছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হামলায় আহত হওয়া ৪ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। মাওলা নামে একজন গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা মনে হয় তাদের দলীয় কোন্দল। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ