জেলা ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধের জেরে আব্দুল খালেক নামের এক ব্যক্তিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল খালেক (৫০) উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমির বন্ধক বাবদ টাকা দিতে গেলে সাবেক স্ত্রী পাপিয়া খাতুন এবং দুই শ্যালক ওসমান ও ইসমাইলের সঙ্গে তার বিরোধ হয়। একপর্যায়ে তারা আব্দুল খালেককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে মাঠে ফেলে রাখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় আব্দুল খালেকের। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে আলাদা থাকলেও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ চলছিল।
নিহতের ছেলে জিনারুল অভিযোগ করেন, তার মা ও মামারা বিভিন্ন সময় বাবাকে হুমকি-ধমকি দিতেন। দেড় মাস আগেও তাকে মারধর করে আহত করা হয়েছিল। বুধবার বাবাকে মারধর করে মাঠে ফেলে রাখার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনি বাবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তার মৃত্যু হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌহিদুর রহমান বলেন, রাত ৮টার দিকে শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন নিয়ে আব্দুল খালেক হাসপাতালে আসেন। তখন তিনি জীবিত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর মধ্যেই তিনি মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গায় পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()