• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

admin
আপডেটঃ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ শিল্পে রূপান্তর করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রাণিজ পণ্য রপ্তানি সম্প্রসারণেরও বড় সম্ভাবনা রয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি প্রাণিসম্পদ খাত। দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান দেওয়ার পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বাড়াতে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব।

প্রধানমন্ত্রী জানান, আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

বাণীতে তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে।

একই সঙ্গে স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘমেয়াদি রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানি বাংলাদেশের জন্য বড় সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রচলিত নয়—এমন আরও অনেক প্রাণিজ পণ্য যথাযথ নিয়ম মেনে রপ্তানির সুযোগ রয়েছে।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাত এখন আর শুধু গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ খাতের সম্ভাবনা ব্যাপক।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এ আয়োজনের সঙ্গে যুক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীর শেষাংশে তিনি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ