জাতীয় ডেস্কঃ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটও অংশ নিতে পারে।
আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সূত্রে জানা গেছে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের একজন সদস্যও বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
ইতিবাচক আহ্বানে আমরা সাড়া দেওয়ার কথা জানিয়েছি। একই সঙ্গে সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে আমরা অনড় থাকব। তবে আওয়ামী লীগের প্রতিরোধের বিষয়ে আমরা ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছি।’
এর আগে, গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় ক্রমবর্ধমান সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া তৈরির বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমে জানান, বৈঠকে দুটি প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা। এর একটি- সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং অন্যটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য গড়ে তোলা।
ওই নেতা আরও বলেন, বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও রাজপথে নামার চেষ্টা করছে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলটির সঙ্গে বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আশা করি, শিগগিরই তাঁরা আমাদের বৈঠকের তারিখ জানাবেন।
বিরোধীদলীয় নেতা আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর যেকোনো সময় বৈঠকটি হতে পারে বলেও জানান তিনি। সূত্র: ডেইলি ওয়াদা
![]()