অনলাইন ডেস্কঃ একদিকে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, অন্যদিকে বাস-ট্রেনে আগুন। কোথাও পুলিশের গাড়িতে হামলা, কোথাও সড়ক অবরোধ, আবার কোথাও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি। রাজধানী থেকে জেলা শহর;দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক নাশকতার ঘটনায় বাড়ছে উদ্বেগ। বিশেষ করে আগামী ডিসেম্বরকে ঘিরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। পরিস্থিতি বিবেচনায় রাজধানীসহ সারা দেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এসব পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর পাওয়া তথ্য এখনো তদন্ত ও যাচাইয়ের পর্যায়ে রয়েছে।
নভেম্বরের শুরু থেকে ঢাকা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাটোর ও খুলনাসহ অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল দুর্বল করতে একযোগে কয়েকটি জেলায় অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটানো হতে পারে। গোপালগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলাকে সড়ক ও নৌপথে বিচ্ছিন্ন করার পরিকল্পনার তথ্যও পাওয়া গেছে। পাশাপাশি ঢাকায় লোকসমাগম ঘটানোর প্রস্তুতির কথাও বলছেন গোয়েন্দারা।
১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে বাড়তি সতর্কতা
আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সূত্রের দাবি, এ কর্মসূচিকে ঘিরে যানবাহন, সরকারি স্থাপনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।
এমনকি পোশাকশ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কাও করছেন গোয়েন্দারা। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, পরিবহনকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ৫৯ স্থানে ককটেল বিস্ফোরণ
নাশকতার সাম্প্রতিক চিত্র উঠে এসেছে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে। পুলিশের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এসব ঘটনায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
রাজধানী থেকে নাটোর, গোপালগঞ্জ, সহিংসতার বিস্তার
১৭ নভেম্বর রাজধানীতে মঙ্গলবার রাতে একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেজগাঁও, মোহাম্মদপুর, আসাদগেট, বসিলা ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। একই রাতে মহাখালী, পল্লবী ও রামপুরা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে শ্যামলী থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে হাতবোমার বিস্ফোরণ ঘটে। এরপর রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। রাত পৌনে ১০টার দিকে আসাদগেট ও পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনেও হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বসিলা এসআরবি-২ কার্যালয় এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, রাত ৯টার দিকে সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভার থেকে দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়। সেগুলো বিস্ফোরিত হয়েছে।
এদিকে রাজধানীর রমনা থানা এলাকায় ঢাকায় পুলিশ সুপারের বাসভবনের সামনেও রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া সন্ধ্যার পর থেকে রাতের বিভিন্ন সময়ে মহাখালী, পল্লবী ও রামপুরা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গত ১৬ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দুজনকে আটক করে পুলিশ।
এর আগের দিন ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাসে করে আসা দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
তবে চলতি মাসে সহিংসতার বড় চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে আগের রাত থেকেই জেলা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
কাশিয়ানী ও সদর উপজেলাতেও সংঘর্ষ ও অবরোধের খবর পাওয়া যায়। পুলিশের দাবি, এসব ঘটনায় ১৫টি অবিস্ফোরিত ককটেল ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গোপালগঞ্জের বাইরেও ঢাকা, চট্টগ্রাম, নাটোর, খুলনা, ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে।
ফরিদপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক বাসচালকের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতার অর্থ আসছে কোথা থেকে, নজরদারিতে মোবাইল ব্যাংকিং
নাশকতার অর্থের উৎস শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করছেন গোয়েন্দারা। ডিএমপির গোয়েন্দা বিভাগের সূত্রের দাবি, মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছ থেকে অর্থ আসার তথ্য পাওয়া গেছে। দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড সমন্বয় করছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, কিছু ঘটনায় অর্থের বিনিময়ে লোক ভাড়া করে নাশকতা ঘটানো হয়েছে। আবার কিছু ঘটনায় দলীয় নেতাকর্মীদের সরাসরি অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে। এসব অর্থের লেনদেন, যোগাযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি
নাশকতা প্রতিরোধে সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সীমান্ত জেলার পুলিশ সুপার, কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশ ঠেকাতে তল্লাশি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় কারা যাতায়াত করছে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতেও দেখা গেছে।
গোপালগঞ্জে দুই হাজার পুলিশ, বিজিবি ও এসআরবি মোতায়েন
নাশকতার ঝুঁকি বিবেচনায় গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি, বিপুলসংখ্যক স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য এবং আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সব ধরনের ঝুঁকি বিশ্লেষণ করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা সেতু, চার জেলার মহাসড়ক এবং পৌর এলাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এদিকে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার পর জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিসেম্বরে রাজনৈতিক তৎপরতা বাড়ার আভাস
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের মতে, ডিসেম্বরে রাজনৈতিক আন্দোলন ও তৎপরতা বাড়তে পারে। তবে এসব তৎপরতা কীভাবে সামনে আসবে, তা এখনই বলা কঠিন।
তিনি বলেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে কোনো দল তৎপরতা চালাতে পারে। কিন্তু নাশকতা ও সহিংসতার মাধ্যমে সেই তৎপরতা চালানো হলে তা জনগণের বিরুদ্ধে যাবে। এতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হতে পারে।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, গণহারে গ্রেপ্তার না করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের আইনের আওতায় আনা উচিত। অন্যথায় নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন।
মাঠে রয়েছে এসআরবি, পুলিশের বাড়তি প্রস্তুতি
ডিসেম্বর ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, এখন পর্যন্ত ডিসেম্বর ঘিরে বড় ধরনের কোনো আশঙ্কা তারা করছেন না। তবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে।
তিনি জানান, সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও পদযাত্রা অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। চেকপোস্টে মোটরসাইকেল আরোহীদের পাশাপাশি তাদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, সারা দেশে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ, সাইবার নজরদারি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে।
তিনি বলেন, নাশকতার প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে নভেম্বরের ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা এবং ডিসেম্বর ঘিরে গোয়েন্দা সতর্কতা দুই মিলিয়ে নিরাপত্তা বাহিনীর সামনে এখন বড় চ্যালেঞ্জ নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা।
![]()