অনলাইন ডেস্কঃ এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। রোববার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে টমাস ডুলির দলের।
গত বৃহস্পতিবার ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ভুটানের সংগ্রহ ১ পয়েন্ট। এক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কাও। ভুটানের গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ায় তাদের আর পয়েন্ট বাড়ানোর সুযোগ নেই। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে ড্র করলেই শেষ চার নিশ্চিত হবে শ্রীলঙ্কার। তবে এখনো সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা টিকে আছে ভুটানের। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে অন্তত দুই গোলের ব্যবধানে হারতে হবে শ্রীলঙ্কাকে।
এদিন দিনের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই জমে ওঠে শ্রীলঙ্কা ও ভুটানের লড়াই। ৩৩ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান শ্রীলঙ্কার অলিভার জেমস কেলার্ট। বিরতির আগে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে শ্রীলঙ্কাকে এগিয়ে দেন আহমেদ ওয়াসিম রাজিক।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক চেনচো গিল্টশেন। তার শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তবে ৭৬ মিনিটে গোল করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন চেনচো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
![]()