অনলাইন ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হয়েছে। এতে ওয়েবসাইটটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়। সেখানে পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে পুলিশের একটি ছবি, সহিংসতার বিভিন্ন দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠতে দেখা যায়। পাশাপাশি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়।
ঘটনার পর ডিএমপি নিউজের ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। তবে পোর্টালটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের নানা কর্মকাণ্ডের খবর প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোন ও মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। সূত্র, ঢাকা টাইমস
![]()