• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনসহ গ্রেপ্তার ৪

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলার সভাপতি ও খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান সাহিন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন (২৬)।

পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে রয়েছে ১০টির বেশি মামলা। আর ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুটির বেশি মামলা রয়েছে।

বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালানো হয়। পরে গতকাল সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ