জেলা ডেস্ক রিপোর্টঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ইসলামী ব্যাংকের আবু মাঝিরহাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু মাঝিরহাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার ব্যাংকিং লেনদেনের জন্য ১২ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দিনদুপুরে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র নিরাপত্তা হীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনগত প্রক্রিয়ায় আনা ও টাকা উদ্ধারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
![]()