• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাল ধরে বিসিবির ‘হারানো’ সুনাম পুনরুদ্ধারকে প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন নবনিযুক্ত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সভাপতির চেয়ারে বসেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দেয়।

দায়িত্ব গ্রহণের পর ১১ সদস্যের কমিটির সঙ্গে প্রথম বোর্ড সভায় বসেন তামিম ইকবাল। সভায় সর্বসম্মতিক্রমে আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তামিমকে মনোনীত করা হয় এবং বোর্ডের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় তানজিল চৌধুরীকে। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম নিজের কর্মপরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন।

ক্রিকেটের উন্নয়ন নিয়ে প্রচলিত আলোচনার বাইরে গিয়ে তামিম বলেন, ‘আমাদের দল মনে করছে, আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ও সুনাম ফিরিয়ে আনা। গত দেড় বছরে যে ক্ষতি হয়েছে, তা পূরণ করাই এখন বড় অগ্রাধিকার।’ তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে দ্রুততম সময়ে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। তামিম আশ্বস্ত করেন যে, এই প্রক্রিয়া অত্যন্ত সততার সঙ্গে সম্পন্ন করা হবে।

অ্যাডহক কমিটির সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তামিম স্পষ্ট করেন যে, বর্তমান কমিটির যে কেউ চাইলে পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন। তিনি নিজেও নির্বাচনে লড়বেন বলে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে ক্রিকেটার ও সংগঠকসহ সংশ্লিষ্ট সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।’

বিসিবির গত ১২ বছরের ইতিহাসে নেতৃত্ব বদলের যে অস্থিরতা দেখা গেছে, তাতে তামিম ইকবাল তৃতীয় সাবেক অধিনায়ক হিসেবে এই পদে আসীন হলেন। এর আগে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনে অংশ না নিলেও এবার সরাসরি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি। তিন মাসের এই স্বল্প সময়ে বিসিবির অভ্যন্তরীণ সংস্কার ও একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই হবে তামিমের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বর্তমানে ক্রিকেট মহলের নজর এখন সময়ের দিকে—তামিম তাঁর এই প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবে রূপ দিতে পারেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ