• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ফুটপাত ও সড়ক থেকে দোকানের বর্ধিতাংশ সরাতে ডিএমপির আলটিমেটাম

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা দখল করে রাখা দোকান, শোরুম, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বর্ধিতাংশ আগামী ১ এপ্রিলের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব অবৈধ স্থাপনা বা মালামাল অপসারণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ মার্চ) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে অবস্থিত রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, আসবাবপত্রের দোকান ও পোশাকের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও রাস্তায় সম্প্রসারণ করছে। এর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

ডিএমপি জানায়, অনেক ক্ষেত্রে রেস্টুরেন্টের চুলা, হাড়িপাতিল ও গ্রিল তৈরির মেশিন, মোটর ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি এবং আসবাবপত্রের দোকানের ফার্নিচার ফুটপাতে রাখা হয়। এমনকি ওয়ার্কশপগুলো রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামত করে, যা জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

সংশ্লিষ্ট সূত্র জানান, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। অভিযানে আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড ও মালামাল বাজেয়াপ্ত করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ডিএমপি সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও মালিকপক্ষের পূর্ণ সহযোগিতা কামনা করেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ