জাতীয় ডেস্ক রিপোর্টঃ দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। খাল খননকে তিনি বিপ্লবে রূপ দিয়েছিলেন। খাল খনন কর্মসূচিকে বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী ‘নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ আহবান জানান তিনি। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। এ সময় পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন উপস্থিত ছিলেন। সভায় ঈদের আগেই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি উদ্বোধন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয় প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল উদ্বোধন করবেন। একই সাথে ৬৩ জেলায় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ খাল খনন উদ্বোধন করবেন। উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। খাল খননকে তিনি বিপ্লবে রূপ দিয়েছিলেন। খাল খনন কর্মসূচিকে বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পানি সম্পদ মন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সকল কিছু করবে বলে তিনি জানান। খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বলেন, খাল খনন কর্মসূচি নিয়ে মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন করা হবে। ১৮০ দিনের খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান, স্থানীয় সরকার সচিব মো. শহীদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
![]()